বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা অনলাইনে নেওয়া যাবে,জোর করে পরীক্ষা নেওয়া যাবেনা
খুলনার খবর|| বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষাগুলো এখন থেকে অনলাইনে নেওয়া যাবে বলে সিদ্ধান্ত দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।আজ বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জুম প্লাটফর্মে বৈঠক করে এ সিদ্ধান্ত দিয়েছে। তার আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিতে হবে। অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য একটি গাইডলাইন এবং বেশ কিছু নির্দেশনা দিয়েছে এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটি। এগুলো মেনে পরীক্ষা নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে।
তবে কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থী যদি অনলাইনে পরীক্ষা দিতে না চায় সেক্ষেত্রে তাদের চাপ দেওয়া যাবে না। কোনো ইউনিভার্সিটি যদি মনে করে সে অনলাইন না নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে অফলাইন পরীক্ষা নেবে, সেটিও তারা করতে পারবে। অর্থাৎ কাউকে অনলাইনে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে চাপ দেওয়া যাবে না।
এখন থেকে যারা চাইবে তারা অনলাইনে শুধু একাডেমিক পরীক্ষাগুলো নিতে পারবে। সেক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিলে অনুমোদন নিতে হবে। অনলাইন পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের টেকনিক্যাল কমিটি একটি গাইডলাইন তৈরি করেছে। সব বিশ্ববিদ্যালয়কে এ গাইডলাইন ফলো করে পরীক্ষা নিতে হবে। সেখানে কীভাবে প্রশ্ন করতে হবে, কীভাবে পরীক্ষা মনিটরিং করতে হবে সব বিষয়াদি বলা আছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান বলেন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে প্রত্যেক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার আগে তাদের সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিতে হবে।
জানা গেছে, ঈদের পর থেকেই যে কোনো বিশ্ববিদ্যালয় চাইলে অনলাইনে পরীক্ষা নিতে পারবে।প্রাপ্ত সূত্র জানায়, সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শর্ত সাপেক্ষে অনলাইনে একাডেমিক পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।




No comments
please do not enter any spam link in the comment box.