নগরীর খালিশপুরে স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু- খুলনার খবর
খুলনার খবর// খুলনা মহানগরীর খালিশপুরে স্ত্রীর আঘাতে স্বামী মোঃ সোহেল (৩৪) গেছেন। আজ রোববার (১২ সেপ্টেম্বর)আনুমানিক রাত ২টার দিকে নগরীর খালিশপুর থানাধীন আলমনগরের বালিয়ার বিল এলাকার নজরুল ইসলাম বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী নজরুল ইসলাম বাবুলের বাড়ীর ভাড়াটিয়া ছিলেন।
নিহত সোহেল ওই এলাকার শাহ আলমের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী সোনিয়া বেগমকে (২৮) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়,গত রাতে স্বামী-স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী লাঠি বা ভারি কোন বস্তু দিয়ে স্বামীর মাথায় আঘাত করে।এতে সে মাটিতে লুটিয়ে পড়ে।তাৎক্ষণিক আহত স্বামীকে খালিশপুর ক্লিনিকে নিয়ে যায় তার স্বজনরা।এবং রাতে সেখানে তার মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একইসাথে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী তার স্বামীকে আঘাত করার কথা স্বীকার করেছেন। কিন্তু কি ধরনের বস্তু দিয়ে আঘাত করেছে তা স্বীকার করেনি। তবে নিহত স্বামীর কপালে লাঠি বা ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন,এ হত্যাকান্ডে স্ত্রী সোনিয়া বেগমকে আটক করা হয়েছে। নিহত স্বামীর স্বজনদের সাথে আলোচনা করে মামলা দায়ের করা হবে। এ মামলায় স্ত্রী সোনিয়া বেগমকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হবে।




No comments
please do not enter any spam link in the comment box.